
ভারতে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জে কৃষ্ণ রেড্ডি’র এমন বক্তব্যের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতীয় মন্ত্রীর এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন এবং বাংলাদেশের জনগণের জন্য তা লজ্জার ও অপমানজনক বলেও মন্তব্য করেন রিজভী।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব একথা বলেন রিজভী।
রিজভী বলেন, লাখো শহীদের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্মান-সম্ভ্রমের বিনিময়ে ’৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম পাকিস্তান থেকে বেরিয়ে এসে, ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় নয়। অথচ বাংলাদেশের জনগণ সম্পর্কে ভারত সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন মন্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও রকমের প্রতিবাদ জানানো হয়নি।
তিনি আরও বলেন, “গত শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, কে ভোট দিল, কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ।”- এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা সরকার গঠনের জন্য দেশের জনগণ কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না।
প্যারোলের আবেদন ও পরিবারের দেওয়া চিঠির বিষয়ে সম্পূর্ণভাবে অবগত নই জানিয়ে রিজভী বলেন, যখন জানতে পারব তখন অবশ্যই আপনাদের জানাব। তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আমরা বারবার তুলে ধরছি। তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেজন্য আমরা এই মুহূর্তে তার মুক্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।




