খেলা

ভারতীয়দের আরও কঠিন শাস্তি চান কপিল-আজহার

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচ ক্রিকেটারকে শাস্তি দেয় আইসিসি। তবে ভারতীয় দুই ক্রিকেটারের শাস্তি কম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক দুই তারকা কপিল দেব ও আজহারউদ্দিন।
এ শাস্তির বাইরেও বিসিসিআইয়ের বাড়তি পদক্ষেপ নেয়া উচিৎ জানিয়ে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ‘আমি চাই, অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে বিসিসিআই যেনো কঠোর শাস্তির ঘোষণা দেয়। যাতে করে এটা একটা উদাহরণ হয়ে থাকে। প্রতিপক্ষকে গালিগালাজ করা ক্রিকেটীয় কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। আমি মনে করি এসব যুবাদের বিসিসিআইয়ের পক্ষ থেকে শাস্তি পাওয়াই উচিৎ।
কপিল আরও জানান, এগ্রেশন এবং অশোভন আচরণের মধ্যে পার্থক্য রয়েছে ব্যাপক। তার মতে, ‘আমি আগ্রাসী মনোভাবকে স্বাগত জানাই। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই এগ্রেশনের একটা সীমা থাকতে হবে। আপনি প্রতিদ্বন্দ্বিতার নামে অভদ্রতা করতে পারেন না। আমি বলবো যে, ক্রিকেট মাঠে আমাদের যুবারা যা করেছে, তা মানার মতো নয়।’
একই সুরে আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের কণ্ঠেও, ‘আমি হলে এসব অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের বিপক্ষে পদক্ষেপ নিতাম। একইসঙ্গে আমি জানতে চাই, এসব যুবা খেলোয়াড়দের যথাযথ শিক্ষা দেয়ার জন্য দলের সাপোর্ট স্টাফের ভূমিকাটা কী? দেরি হয়ে যাওয়ার আগে এখনই কিছু করা উচিৎ। এসব ছেলেদের অবশ্যই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।’
প্রসঙ্গত, ফাইনালে অপ্রত্যাশিত ঘটনার জেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার-তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রকিবুল হাসান আর ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণয়কে শাস্তি দেয় আইসিসি।
বাংলাদেশের তৌহিদ পেয়েছেন ১০টি সাসপেনশন পয়েন্ট, যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমান। শামিমের ক্ষেত্রে সাসপেনশন পয়েন্ট ৮টি হলেও ডিমেরিট পয়েন্ট কিন্তু ৬টিই থাকছে। স্পিনার রকিবুল ৪টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন, যেটা ৫ ডিমেরিট পয়েন্টের সমান। এ পয়েন্টগুলো তিনজনেরই ক্যারিয়ারে আগামী দুই বছর থেকে যাবে।
ভারতের আকাশ ৮ সাসপেনশন ও ৬ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। বিষ্ণয় প্রথম অপরাধের জন্য ৫ সাসপেনশন ও ৫ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আর ২৩তম ওভারে অভিষেক দাস আউট হওয়ার পর বাজে ভাষা ব্যবহার করায় পেয়েছেন আরও ২টি ডিমেরিট পয়েন্ট। পাঁচ ক্রিকেটারই এ শাস্তি মেনে নিয়েছেন।
এ শাস্তির ফলে আগামী দুই বছর জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে শাস্তি ভোগ করতে হবে এই পাঁচ ক্রিকেটারকে। ১ সাসপেনশন পয়েন্ট মানেই একটি ওয়ানডে বা টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ পর্যায় বা এ দলের একটি ম্যাচ খেলতে না পারার শাস্তি। সে অনুযায়ী বেশ বড় শাস্তিই জুটেছে সবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button