
চিকেন উইংসের প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সায়ানা ব্রাগের। এদিন গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ফাস্টফুডের দোকান দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি। ১২ পিস চিকেন উইংসের সঙ্গে একটি মাউনটেন ডিউ বোতল কিনে পয়সা দেওয়ার সময় খেয়াল করেন লটারির টিকিটও বিক্রি হচ্ছে।
চিকেন উইংস কিনতে নেমে কৌতূহল নিয়ে বাড়তি একটা লটারি টিকিটও কিনে ফেলেন। লটারি টিকিট কেনার সময়ই মনে হচ্ছিল হয়ত কিছু একটা জিতবেন এই লটারিতে। তবে তা যে ১০০ ডলারের বেশি হবে না সেটাও জানতেন। কিন্তু লটারি টিকিট ঘষতেই চোখ ছানাবড়া হয়ে যায় সায়ানা ব্রাগের।
পুরো এক মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছেন! খুশিতে কেঁদে ফেলেন। এরপর সোজা গাড়ি নিয়ে চলে যান লটারির মূল কার্যালয়ে। ট্যাক্স পরিশোধের পর ছয় লাখ ডলার হাতে পেয়েছেন সায়ানা। চিকেনের প্রতি দুর্বলতার কারণে এভাবে ভাগ্য বদলে যাবে আগে কখনোই ভাবেননি।-ইউপিআই




