উপমহাদেশশিরোনাম

ভবিষ্যতে বাংলায় পতাকা ওড়াবে বিজেপি : অমিত শাহ

ভবনটির সামনে কেবলই মানুষ আর মানুষ। বিজেপির সদর দপ্তরকে সাজানো হয়েছে ফুলে আর আলো দিয়ে। দলের সভাপতি অমিত শাহ বক্তব্য দিচ্ছেন। সামনে হাজারো নেতাকর্মী ও সমর্থক। মঞ্চে নরেন্দ্র মোদি। একে একে বিভিন্ন প্রদেশের ভোটের ফল নিয়ে বলছিলেন অমিত শাহ।
অমিত যখন ‘বাংলা’ শব্দটি উচ্চারণ করলেন তখনই হর্ষধ্বনি উঠলো দর্শকসারিতে। চিৎকার দিয়ে উঠলেন বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। অমিত আবারও বললেন, ‘বাংলা’। আবারও হর্ষধ্বনি। অমিত তিনবার সজোরে বললেন, ‘বাংলা।’ তারপর বলেন, ‘বাংলায় এত অত্যাচার, জুলুমের পরও ১৮টি আসন জিতেছে বিজেপি। এটা বলছে ভবিষ্যতে বাংলায় নিজেদের পতাকা ওড়াবে বিজেপি।’
৭০ বছর ধরে নাগালের বাইরে থাকা পশ্চিমবঙ্গেও বেশ ভালো ফল করেছে বিজেপি। এ কারণে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করলেন অমিত শাহ।
আজ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বিজেপি একাই পেয়েছে ২৯৪টি আসন। বিজেপি নেতৃত্বাধীন জোট ৩৫০টি আসনে এগিয়ে আছে। ভারতজুড়ে চরম বিপর্যয়ে পড়েছে কংগ্রেস অন্যদিকে পশ্চিমবঙ্গে বিপর্যস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস।
সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলের সভাপতি অমিত শাহ। এরপর বক্তব্য দেন অমিত শাহ।
অমিত শাহ বলেন, ‘এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘এটা মোদির জনপ্রিয়তার বিজয়। পাঁচ বছরে দেশের ২৮ কোটির গরিব মানুষের জীবনের স্তর উন্নয়নে সফল উদ্যোগ নিয়েছেন তিনি।’
অমিত বলেন, ‘এ জয়টা ঐতিহাসিক জয়।’ তিনি বলেন, ‘৫০ বছরে পরিবার, জাতিবাদ ধরে এগিয়েছে। মোদি দেশ থেকে পরিবারবাদ, জাতিবাদ তুলে দেওয়ার কাজ করেছেন। সামনে পরিবারবাদী দলগুলোর কোনো গুরুত্ব থাকবে না।’
বিজেপির সভাপতি বলেন, ‘এই বিজয় টুকরো টুকরো গ্যাংয়ের বিরুদ্ধে বিজয়।’ তিনি বলেন, ‘৭০ বছর ধরে যা দেখার জন্য অপেক্ষা করছিল দেশ তা করেছে মোদি সরকার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button