
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে কাফনের কাপড়ে মুড়িয়ে ৩০-কে বিদায় জানিয়ে প্রতীকী কাফন মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শনিবার বেলা ১১টায় এ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।
সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর, যখন ৫০ ছাড়াল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হল ৩০ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও অপরিবর্তিতই রয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি চলবে বলে তিনি জানান।
সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন বলেন, আমরা দীর্ঘ তিন বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। কিন্তু এতদিনেও সমাধান পাইনি। তাই আজ কফিন নিয়ে রাজপথে এসেছি। এ সময় তিনি যৌক্তিক দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এর আগে শুক্রবার মশাল মিছিলম কর্মসূচি পালন করা হয়। এ সময় রশিতে আগুন লাগিয়ে ৩০ লিখে পুড়িয়ে ফেলা হয়। এরপর মশাল জ্বালিয়ে শাহবাগ থেকে দোয়েল চত্বর হয়ে পুনরায় শাহবাগে এসে মিছিলটি শেষ করা হয়।
ইত্তেফাক



