ব্রাজিলের ব্যর্থতা ঘোচাতে পারবেন নেইমার?

আগামী মাসে ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের বর্ণাঢ্য আসর। রিও অলিম্পিককে সামনে রেখে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। আর এই লক্ষ্যে দলটির কোচ রোজারিও মিকেল পুরোপুরি নির্ভর করছেন বার্সেলোনার তারকা নেইমারের ওপর।
কোপা আমেরিকায় হতাশাজনক বিদায়ের পরে সিনিয়র দলের কোচ দুঙ্গাকে সরিয়ে অনুর্ধ্ব-২০ দলের কোচ মিকেলের ওপর অলিম্পিক দলের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও গেমসকে সামনে রেখে প্রথম অনুশীলন সেশনের পরে মিকেল বলেছেন, ‘আমি নেইমারের উপর নির্ভর করতে চাই। নেইমারের মতো একজন খেলোয়াড়কে দলে রাখতে বিশ্বের কোনো কোচই পিছপা হবে না।
অনেকেই আমাকে বলেছেন নেইমারের ওপর পুরোপুরি নির্ভর না করার জন্য। কিন্তু আমি তাদের সাথে একমত হইনি। আমি চাইবো নেইমার সবসময়ই আমার দলে থাকুক।’
কোচ থাকাকালীন দুঙ্গা সবসময়ই একটি বিষয় প্রতিষ্ঠিত করতে চাইতেন যে ব্রাজিল দলটি একজনের দল নয়, এখানে সবাই সমান। কিন্তু এই এক জায়গায় মিকেলের সাথে তার কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যদিও অলিম্পিকের পরে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন কোচ তিতে।




