আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্যস্ত মহাসড়কে উড়ছে ডলার, গাড়ি থামিয়ে নোট কুড়ানোর ধুম!

 ব্যস্ত মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে হাজারো ডলারের নোট! ডলার কুড়াতে রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে পড়লেন চালকরা। যে যত পারলেন, ডলার কুড়িয়ে নিলেন। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছল, ততক্ষণে ডলার পকেট পুরে ভরে যে যার মতো পগার পার।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ডানউডি এলাকায়। মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ পুলিশের বরাত দিয়ে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটিএম বা ব্যাংকের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোনো কাভার্ডভ্যানে করে। কিন্তু অসাবধানতাবশত ঠিক করে লাগানো হয়নি ভ্যানের পেছনের দরজা। আর তাতেই ঘটে বিপত্তি।

ডানউডির একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময়ে হঠাৎই খুলে যায় ভ্যানের দরজা। এরপর সিনেমার দৃশ্যের মতো ডলারের নোটগুলো ছড়িয়ে পড়ে রাস্তায়। বেশ কিছুদূর যাওয়ার পরে টনক নড়ে কাভার্ডভ্যানের চালকের। কিন্তু ততক্ষণে মহাসড়ক ভরে গেছে কড়কড়ে ডলারের নোটে। এমন আজব দৃশ্য দেখে ওই মহাসড়ক দিয়ে যাওয়া অনেকেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে কুড়াতে থাকেন ডলারের নোট। এমন আজব ঘটনার ভিডিও করেন কেউ কেউ।

খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিন্তু ততক্ষণে ডলার নিয়ে চম্পট দিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ নোট কুড়িয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশও রাস্তা থেকে নোট তুলতে শুরু করে।

ডানউডি পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি ঘটেছে কাভার্ডভ্যানের চালকের গাফিলতিতে। কিন্তু এভাবে রাস্তা থেকে অন্যের অর্থ কুড়িয়ে নিজের মনে করে নেওয়াটা চুরিরই শামিল। তাই পরে ফেসবুকে ডানউডি পুলিশ এক বিবৃতিতে যারা রাস্তা থেকে ডলারের নোট কুড়িয়ে নিয়ে গেছে, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানায়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে কারা কারা নোট কুড়িয়ে নিয়ে গেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, প্রায় এক লাখ ৭৫ হাজার মার্কিন ডলার এভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে।

ফক্স নিউজ জানিয়েছে, গত বুধবার পর্যন্ত পাঁচজন ব্যক্তি মোট চার হাজার ৪০০ ডলার পুলিশের কাছে ফেরত দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button