জাতীয়শিরোনাম

বৈধতা পেলেন ৫০ হাজার বাংলাদেশি

সাধারণ ক্ষমার আওতায় সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৫০ হাজার অবৈধ বাংলাদেশি নাগরিককে বৈধতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর দেশটিতে আরও বেশি বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার আরব আমিরাত।সম্প্রতি ১৯ ক্যাটাগরিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়ার জন্য দেশটির সঙ্গে এক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এছাড়া চিকিৎসক এবং প্রকৌশলীসহ আরও বেশ কিছু পেশাজীবীদের জন্য ভিসা উন্মুক্ত করেছে আমিরাত সরকার।
ড. মোমেন উল্লেখ করেন, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে আমিরাত সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ৫০ হাজার অবৈধ বাংলাদেশি বৈধতা লাভ করেছে।
তিনি আশা করেন, প্রধানমন্ত্রীর আমিরাত সফরকালে এলএনজি , বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং শেখ আহমেদ ডালমুক আল মাকতুমের প্রাইভেট কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এছাড়া মাতারবাড়িতে ৩০০ একর ভূমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং শেখ আহমেদ ডালমুক আল মাকতুমের প্রাইভেট কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তবে আমিরাতের সঙ্গে কোন প্রকার সামরিক চুক্তি হবে না বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশ ১৮শ ‘ সৈনিক পাঠাবে। তারা ইয়েমেন সীমান্তে মাইন অপসারণ এবং বাড়িঘর ও অবকাঠামো নির্মাণে সহায়তা করবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে তিনি জার্মানি সফর করবেন। তার এই সফরের বিষয়ে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button