slider

বেড়েছে তাহিরপুরের নদী ও নিম্নাঞ্চলের পানির উচ্চতা

সুনামগঞ্জ প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, পাটলাইসহ বিভন্ন নদ-নদী ও হাওরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

উপজেলার নিম্নাঞ্চল ও সীমান্ত এলাকার সড়কও ঢলের পানিতে তলিয়ে গেছে। একই সাথে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। উপজেলা ও জেলা শহরে যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে নৌকা।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের (সীমান্ত এলাকার) বাসিন্দা হোসেন মিয়া জানান, সীমান্ত এলাকায় পানি বাড়ছে, যা সড়ক উপচে প্রবলবেগে হাওরে প্রবেশ করছে। ঢলের পানিতে বড়ছড়া বাগলী সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। এখন নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। যেভাবে পানি বাড়ছে, তাতে বন্যার আতঙ্কে আছেন তারা।

জরুরি প্রয়োজনে তাহিরপুর উপজেলা থেকে জেলা শহরে যাওয়া জলিল মিয়া জানান, জেলার সাথে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, তাহিরপুর-বাদাঘাট সড়কসহ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও জেলার হাওর পাড়ের সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে ভেঙে কষ্ট করে সুনামগঞ্জ জেলা শহরে পৌঁছাতে হয়েছে তাকে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আরো বাড়তে থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ও বন্যার আশঙ্কা দেখা দিলে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button