বেরোবির সাবেক উপাচার্যের মুক্তির দাবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুঃ আব্দুল জলিল মিয়ার নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্তকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, রংপুরের বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান ময়না, যুবলীগ নেতা আবু সুফিয়ান মুকুল, বাবুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী, বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত কর্মকর্তা পরিষদের যুগ্ন সম্পাদক আতিকুজ্জামান সুমন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক রেজাউল করীম শাহ, উপ-রেজিস্ট্রার মোঃ আলী হাসান প্রমূখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছরে যা কিছু অর্জিত হয়েছে তার সবই সাবেক ভিসি আব্দুল জলিল মিয়ার আমলে হয়েছে। কিন্তু তার সাফল্যময় কর্মকান্ডে একটি বিশেষ মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমুলকভাবে তার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করেছে।
এসময় বক্তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল জলিল মিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।




