খেলা

বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে যাবে কোন দল

বিপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ কোয়ালিফায়ার-২ রোববার। এরই মধ্যে ঢাকায় দেখা দিয়েছে বৃষ্টি। শনিবার কোন খেলা ছিলো, কিন্তু এদিন ঢাকায় যে বৃষ্টি হয়েছে তাতে ম্যাচ থাকলে অনুষ্ঠিত হওয়ার সুযোগ ছিলো না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াতে না পারলে কোন দল ফাইনালে যাবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
এই ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। তারা ১২ ডিসেম্বর ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হবে। এই ম্যাচটি যেহেতু ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেহেতু ম্যাচ মাঠে না গড়ালেও পয়েন্ট ভাগাভাগির কোন সুযোগ নেই। একদলকে বিজয়ী ঘোষণা করতেই হবে। বৃষ্টিতে সময় নষ্ট হলে সর্ব নিম্ন ৫ ওভারের খেলা হতে পারে। কিংবা হতে পারে এক ওভারের ‘সুপার ওভার’ও। কিন্তু সেটিও সম্ভব না হলে!
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেছেন ‘বাইলজে পরিষ্কার বলা আছে, কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্বে বৃষ্টি বা প্রাকৃতিক কারণে খেলা আদৌ না হলে যে দল লিগ বা পয়েন্ট টেবিলে ওপরে, সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে।’
সে হিসেবে গ্রুপ পর্বের এক নম্বর দল হিসেবে কুমিল্লাই চলে যাবে ফাইনালে।১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে কোয়ালিফায়ার খেলছে তারা। আর রংপুর রাইডার্সের অবস্থান ছিল চার নম্বরে।
তবে জালাল ইউনুস আরও একটি তথ্য দিয়েছেন, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে এও বলা আছে, টুর্নামেন্ট কমিটি বিপিএলের স্বার্থে যে কোন সময় যে কোন সিদ্ধান্ত নিতে পারবে।
সে হিসেবে ফাইনালের আগে যে একদিন বিরতি আছে টুর্নামেন্ট কমিটি চাইলে সেদিন খেলা মাঠে গড়াতে পারে, যদিও দিনটি রিজার্ভ ডে হিসেবে ফিকশ্চারে নেই, আছে বিরতি হিসেবে। জালাল ইউনুস জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে তারা রোববার বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন নিয়ম মেনে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button