
একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ভোর চারটার দিকে চট্টগ্রাম মেডিকেলে কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
রমা চৌধুরী কোমরে আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ভোর চারটার দিকে না ফেরার দেশে চলে যান একাত্তরের এই বীরাঙ্গনা।
১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বলা হয়ে থাকে- তিনি দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী স্নাতকোত্তর (এমএ) ডিগ্রিধারী।
চার ছেলে সাগর, টগর, জহর এবং দীপংকরকে নিয়ে ছিল তার সংসার। কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজের সম্ভ্রমও হারান রমা চৌধুরী। পুড়িয়ে দেওয়া হয় তার ঘর-বাড়ি। তবু জীবনযুদ্ধে হার মানেননি তিনি। একে একে লিখেছেন ১৮টি বই।
রমা চৌধুরী ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু করেন। পরে দীর্ঘ ১৬ বছর তিনি বিভিন্ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
রমা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। তার জন্য শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঢাকাটাইমস




