বিসিবিতে শহীদের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ করেছেন স্ত্রী ফারজানা আক্তার। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে ফারজানা সাংবাদিকদের বলেন, ‘বিসিবিকে জানানো হয়েছে। বিসিবি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ওরা ওর বাবাকে (শহীদ) ডেকে সব সমস্যার সমাধান করে দেবে বলেছেন।’
ফারজানা সাংবাদিকদের বিস্তারিত কিছু না বললেও বিসিবির কাছে তার দেয়া অভিযোগপত্রে দেখা গেছে, শহীদের বিরুদ্ধে তার অভিযোগ নারীঘটিত।
ফারজানা তার অভিযোগে জানিয়েছেন, ২০১১ সালে দু’জনের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন শহীদদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবে সংসার ছিল সুখের। কিন্তু ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে শহীদ বদলে যেতে শুরু করেন। এ সময় একাধিক নারী ভক্তের সাথে শহীদের ঘনিষ্ঠতা হয়েছে বলে দাবি ফারজানার।
এ নিয়ে সাংসারিক অশান্তি চরমে উঠলে বাধ্য হয়ে ফারজানা মুন্সিগঞ্জে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়েছে। এ কারণে বিসিবির দ্বারস্থ হয়েছেন তিনি। ফারজানার অভিযোগ, তাদের ১১ মাস বয়সী মেয়ে আরোহীকে এখনো শহীদ কোলে পর্যন্ত নেননি। অন্য সন্তান আরাফের বয়স আড়াই বছর।
তবে শহীদ দাবি করেছেন, ‘সিইও স্যার (বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী) আমাদের মীমাংসা করে দিয়েছেন। বিষয়টার মীমাংসা হয়ে গেছে। আমার স্ত্রী এখন বাড়ি চলে যাবে।’
এ নিয়ে গত দুই বছরের মতো সময়ে জাতীয় দলের চার ক্রিকেটারের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ উঠল। এর আগে আরেক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ।




