বিশ্বের ৫০ দেশে এক মাসে ৪০০ কোটি মাস্ক বিক্রি করল চীন

বিশ্বজুড়ে ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত এক মাসে বিভিন্ন দেশে প্রায় ৪০০ কোটি মাস্ক বিক্রি করেছে চীন। এ নিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ একটি প্রতিবেদন প্রকাশ করে।
রবিবার চীনের শুল্ক দপ্তরের কর্মকর্তা জিন হাই জানান, এ পর্যন্ত ৩৮৬ কোটি মাস্ক, ৩ কোটি ৭৫ লাখ সুরক্ষা পোশাক, ১৬ হাজার ভেন্টিলেটর এবং ২৮ লাখের বেশি করোনাভাইরাসের টেস্টিং কিট রপ্তানি করেছেন তারা।
১ মার্চ থেকে ৫০টিরও বেশি দেশে মোট ১৪০ কোটি ডলারের (প্রায় ১২ হাজার কোটি টাকা) এসব চিকিৎসাসামগ্রী রপ্তানি হয়েছে বলে তিনি জানান।
তবে নেদারল্যান্ডস, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্পেনে পাঠানো চিকিৎসাসামগ্রী নিয়ে প্রশ্ন উঠেছে। দেশগুলো চীনের এসব সামগ্রী নিম্নমানের ও ত্রুটিযুক্ত বলে অভিযোগ করে।
এর মধ্যে নেদারল্যান্ডস সরকার গত সপ্তাহে চীন থেকে পাঠানো ১৩ লাখ মাস্কের মধ্যে ছয় লাখ ফিরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশ থেকে করোনাভাইরাসের উৎপত্তি। দুই মাসের মধ্যে পৃথিবীর দেশে দেশে সংক্রমিত হতে থাকে এই ভাইরাস। মার্চেই দুই শতাধিক দেশ করোনায় আক্রান্ত হলেও প্রকোপ কমে আসে চীনে।
পরিসংখ্যান নিয়ে সন্দেহ থাকলেও আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণের রাখতে পেরেছে চীন। দেশটিতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। ফলে চীন এখন বিশ্বের কাছে ‘করোনা মোকাবিলা মডেল’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
নিজের দেশে সফলভাবে করোনা মোকাবিলা করে বিশ্বজুড়ে চিকিৎসা ও সুরক্ষাসামগ্রীর সংকটে এগিয়ে এসেছে দেশটির কমিউনিস্ট শাসিত সরকার।




