শিক্ষা

‘বিশ্ববিদ্যালয়গুলো বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে’

জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলনের অভিযোগ
ক্রমাগত ফি বৃদ্ধি, বাণিজ্যিক নাইট কোর্স, ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র ইত্যাদি বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত চরিত্র হারিয়ে বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ‘জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলন’।
গত রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীতে প্রণীত পাঠ্যপুস্তক পরিবর্তন ও শিক্ষা-সংস্কৃতির উপরে সাম্প্রদায়িক-পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কামাল লোহানী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বিপ্লবী ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।
সম্মেলন থেকে সাম্প্রদায়িক ও দলীয় দৃষ্টিভঙ্গিতে প্রণীত পাঠ্যপুস্তক পরিবর্তন করে ও প্রগতিশীল লেখকদের লেখা যুক্ত করে মানসম্মত ও চিত্তাকর্ষক পাঠ্যপুস্তক প্রণয়ন করা, অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন দেওয়াসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
পাঁচ দফা দাবিতে আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান ও সমাবেশ কর্মসূচি আহ্বান করা হয়। সমাবেশে শিক্ষাবিদ-বুদ্ধিজীবী-অভিভাবকসহ ছাত্র-যুব-নারী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button