বিমানবন্দরে কম্বলের ভেতর থেকে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কম্বলের ভেতর থেকে সোয়া তিন কোটি টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা কাস্টম হাউজের সদস্যরা গ্রীন চ্যানেলে মালামাল স্ক্যানিং করে এসব স্বর্ণ উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত যাত্রী আলমকে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টার দিকে যাত্রী আলম (৪৫) বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করেন। এই ফ্লাইটে স্বর্ণ আসছে এমন গোপন সংবাদ আগে থেকেই ছিলো জানিয়ে বলা হয়, যাত্রী আলম গ্রিন চ্যানেলে আসার পর স্বর্ণ আছে কি-না জানতে চাইলে তিনি কাস্টম কর্মকর্তাদের কাছে সরাসরি অস্বীকার করেন। পরে তার ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৮ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৬৭০০ গ্রাম। বাজার মূল্যে প্রায় তিন কোটি ৩৫ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে যাত্রী আলম কাস্টম কর্মকর্তাদের জানান, তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি একজন কন্সট্রাকশন শ্রমিক। একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দিয়ে বলেছে, হায়দারের বাড়ির লোক তার কাছ থেকে কম্বলটা নিয়ে যাবে। হায়দারের বাহরাইনে সাইকেল মেরামতের দোকান আছে বলে জানান যাত্রী আলম।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে কাস্টম-এর পক্ষ থেকে। নয়া দিগন্ত।




