ফের বিজ্ঞাপনের মডেল হলেন ফারজানা চুমকি

প্রায় দুই বছর পর আবারো নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ফারজানা চুমকি। গেল সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। একটি বহুজাতিক কোম্পানির ‘তাওয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন মুন্না। দুই বছর আগে পিপলুর নির্দেশনায় একটি রঙের বিজ্ঞাপনে মডেল হন চুমকি।
আবারো বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে চুমকি বলেন, ‘ সংসার, সন্তান নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে কাজ করাটাই এখন কঠিন হয়ে পড়েছে। তবে ভালো বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব এলে চেষ্টা করি সময় বের করে কাজ করার। রুটি বানানোর তাওয়ার বিজ্ঞাপনের কনসেপ্টটি ভালো লেগেছে বিধায় কাজটি করেছি। আশা করি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
১৯৯৯ সালে ‘লাক্স আননন্দধারা’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া নাজনীন চুমকি বিয়ে করেন অভিনেতা নির্দেশক মীর সাব্বিরকে। তাদের ঘরে এখন দুই ছেলে ফারশাদ ও সানদিদ।
এ দিকে গতকাল ছিল চুমকির জন্মদিন এবং আজ চুমকির ছোট ছেলে সানদিদের জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে চুমকি বলেন, ‘বিয়ের পর কোনো জন্মদিনেই আমার কোনো পরিকল্পনা থাকে না। কিন্তু সাব্বির সবসময়ই বিশেষ বিশেষ কিছু করে। স্ত্রী হিসেবে তার কাছ থেকে এমন কিছু ভালোই লাগে। এবারের জন্মদিনেও কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু সাব্বির ঠিকই বান্দরবানে নোয়াশালের শুটিং শেষে গতকাল বাসায় ফিরেছে। আমি কিছুই জানি না, কিন্তু এটা জানি যে সাব্বির কিছু একটা করবে। এখানেই আমার প্রাপ্তি, ভালো লাগা।’
লাক্স তারকা হওয়ার পর অভিনয়ে চুমকির অভিষেক ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নির্দেশনায় ‘জীবন যেখানে যেমন’ নাটকে। পিন্টুর নির্দেশনায় ‘উইন্টার গার্ড লিপজেলের বিজ্ঞাপনে প্রথম মডেল হন চুমকি।
বেশ কিছু দিন অভিনয়ে অনিয়মিত থাকলেও আবার নিয়মিত হয়েছেন চুমকি। পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকগুলো হচ্ছে সালাহউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’, চয়নিকা চৌধুরীর ‘শ্রাবণ জোছনায়’, দীপংকর দীপনের ‘টক্কর’, চন্দন চৌধুরীর ‘লেডি গোয়েন্দা’ এবং মোহন খানের নতুন একটি ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিকে চুমকিকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নয়া দিগন্ত



