বিজিবি মোতায়েন হাস্যকর : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স বর্ডার গার্ড অব বাংলাদেশকে (বিজিবি) মোতায়েন দেয়া হলে তা হবে হাস্যকর। এমন মন্তব্য করেছেন সেখানকার বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন করলে সেটা হাস্যকর ব্যাপার হবে।’
তিনি আরো বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স মানে কোনো ঘটনা ঘটার পর তা মোকাবেলা করার ফোর্স, এখন কোনো ঘটন ঘটে গেলে সেটা মোকাবেলা করে কী হবে! আমাদের দাবি ছিলো এমন ব্যবস্থা গ্রহণ করার, যাতে কোনো ঘটনা না ঘটতে পারে।’
জানা গেছে, আগামীকাল থেকেই সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া সেখানে অন্য এলাকার লোকজনকে অবস্থান করার ব্যাপারেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সাখাওয়াত অভিযোগ করেন, ক্ষমতাসীনরা বিভিন্ন জায়গায় তার সমর্থকদের নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। নির্বাচনের অবস্থা আরো ভীতিকর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপির এই প্রার্থী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েন দরকার ছিলো।’
সেনা মোতায়েন করলে মানুষ নির্বিঘ্নে এবং স্বস্তিতে ভোট দিতে পারতো বলে মন্তব্য করেন তিনি। এর আগে তিনি বলেছিলেন, ‘নারায়ণগঞ্জে যদি ভোটাররা বিনাবাধায় ভোট দিতে পারেন, তবে বিএনপির জয় নিশ্চিত।’



