বিচারকদের চাকরিবিধির গেজেট ১৫ জুলাইয়ের মধ্যে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আশা প্রকাশ করে বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট চলতি মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।
নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে আজ আপিল বিভাগ নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে শেষ বারের দুই সপ্তাহ সময় দিয়ে আদেশ দেন।
আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারকদের শৃংখলা সংক্রান্ত বিধিমালা বিচার বিভাগের শৃংখলার উপর যথেষ্ট প্রভাব রাখবে। এখন এটার খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে, যাতে এটা নিয়ে কোন প্রশ্ন না উঠে। আশা করি চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই গেজেট আকারে প্রকাশ হবে।’
ডিজিটাল সিকিউরিটির অ্যাক্ট প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মাসের ৯ তারিখে আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে। ওই বৈঠকে টেলিকোমিনিকেশন বিভাগের প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আমার মনে হয়, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি উপস্থিত থাকবে। সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা শেষ ড্রাফট করার চেষ্টা করবো।
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি জজদের ৩৫তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। বাসস




