রাজনীতি

বিএনপির মুখে গুম খুনের কথা হাস্যকর : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল, তাদের মুখে গুম খুনের কথা মানায় না। আমাদের ২১ হাজার নেতা-কর্মীর রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে আছে। সে রক্তের দাগ এখনো শুকায়নি। তারা (বিএনপি) আবার গুম খুনের কথা বলে। তাদের মুখে এটা শোভা পায় না। তাদের মুখে এটা হাস্যকর।
ওবায়দুল কাদের আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছিল? আমাদের অনেক নেতা-কর্মীর ফ্যামিলি আজ পর্যন্ত তাদের লোকজনকে খুঁজে বেড়ায়, তাদের ছেলে সন্তানকে খুঁজে বেড়ায়। রক্তে রক্তে বাংলাদেশ রক্ত নদী হয়ে গেছে বিএনপির আমলে। খুনে খুনে খুনের দরিয়া হয়ে গিয়েছিল বাংলাদেশ। তারা আবার গুম খুনের কথা বলে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ না হলে ঘরমুখো জনগণকে স্বস্তি দিতে পারবো। জনদুর্ভোগটা রাস্তার সহনীয় মাত্রায় রাখতে পারবো। সেরকম প্রস্তুতি আমরা নিয়েছি।
সবাইকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে তিনি বলেন, কেউ উল্টো পথে গাড়ি চালাবেন না। মালিকদেরও বলি, উল্টো পথে গাড়ি চলাচল যেন না করে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের স্বস্তি দিতে হবে, যাত্রাপথ নিরাপদ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এসব মনিটর করছেন। শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে হবে। আমরা সবাই প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তায় সক্রিয় আছি।
এসময় সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জেরে ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে কর্তব্যে অবহেলার জন্য গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ কে এম নাহীন রেজা ও মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিককে দু’জন প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button