
গভীর রাতে কেউ বাড়ির বাইরে রেখে যাচ্ছে ৫০, ১০০ টাকার নোট। যার উপরে লেখা থাকছে, ‘আমি করোনা ভাইরাস নিয়ে এসেছি। এই নোটটি না নিলে সবাইকে ভুগতে হবে।’
এমনই অদ্ভুতুড়ে কাণ্ডে রহস্য ছড়িয়েছে ভারতের বিহারের সহর্ষার একটি গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই কাণ্ড ঘটাচ্ছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত গ্রামের তিনটি বাড়ির বাইরে থেকে এরকম নোট উদ্ধার হয়েছে। মানুষকে ভয় দেখানোর জন্য ২০, ৫০ এবং ১০০ টাকার নোট ব্যবহার করা হচ্ছে।
গত শুক্রবার থেকে এই উপদ্রব শুরু হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে এমনিতেই আতঙ্কিত মানুষ। তার উপর এমন রহস্যময় নোট উদ্ধার হওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক আরও বেড়েছে।
তদন্তে নেমে পুলিশের অনুমান, একজন ব্যক্তিই এমন কাণ্ড ঘটাচ্ছে। কারণ সবকটি নোটের উপরে যে হাতের লেখা রয়েছে, তা একজনেরই বলে মনে হয়েছে তদন্তকারীদের।
নোট থেকে করোনা সংক্রমণ ছড়ায় কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এ বিষয়ে দেশটির রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেয়নি, কেন্দ্রীয় সরকারও কোনও সতর্কতা অবলম্বন করার কথা জানায়নি। কিন্তু তার পরেও রহস্যময় নোট উদ্ধারে বেশ আতঙ্কে বিহারের ওই গ্রামের বাসিন্দারা। পূর্বপশ্চিম।



