
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: “করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদারসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ১৮ জুন শুরু হওয়া এ মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, ফল চাষে আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন ফলের প্রদর্শনী, তথ্য আদান-প্রদান এবং কৃষি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।



