আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বাইডেনের অভিষেকের পর তাইওয়ান প্রণালিতে প্রথম মার্কিন রণতরী

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের পর প্রথম মার্কিন রণতরী দেখা গেল তাইওয়ান প্রণালিতে।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার তাইওয়ান প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর সপ্তম নৌবহরের একটি রণতরী টহল দেয়। নৌবহরটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, চীনা মূল ভূখণ্ড এবং তাইওয়ানের মধ্যবর্তী জলসীমা দিয়ে যাত্রা করে আরলেহ বার্ক শ্রেণির ডেস্ট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেইন। নিয়মিত ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি টহল দেয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারটি।
ওই জলসীমায় প্রায়ই নৌ মহড়া চালায় যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবি করে এ মহড়ার প্রতিবাদ জানিয়ে থাকে চীন।
বেইজিং মনে করে, তাইওয়ান প্রণালি দিয়ে বিদেশি কোনো জাহাজ চলাচল করা মানে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। যদিও যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ এ প্রণালিকে আন্তর্জাতিক জলসীমা মনে করে থাকে এবং সেটি সবার জন্য উন্মুক্ত।
যুক্তরাষ্ট্রের ওই বিবৃতিতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত এবং স্বাধীন রাখার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তারই অংশ ইউএসএস জন এস ম্যাককেইনের এই যাত্রা।
আন্তর্জাতিক আইন অনুসরণ করে মার্কিন সামরিক বাহিনী যে কোনো জায়গায় উড্ডয়ন করে, নৌযাত্রা করে বলে বিবৃতিতে বলা হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ রণতরীর টহলের বিষয়টি নিশ্চিত করে। তবে রণতরীর নাম জানায়নি তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button