
পতাকা ডেস্ক : কর্মী হিসেবে মালয়েশিয়া যেতে সরকারি খরচ নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ অংশে এই খরচের পরিমাণ ৭৮ হাজার ৯৯০ টাকা।
বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইমরান আহমদ জানান, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা।
তিনি আরও জানান, আজই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ব্যয়ের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
অফিস আদেশ অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীর শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যয়গুলো বহন করতে হবে। যার মধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জের মতো বিষয়গুলো রয়েছে। এসব মিলে মোট ৭৮ হাজার ৯৯০ টাকার ব্যয় বিদেশগামীকে নিজে বহন করতে হবে।
অন্যদিকে ২০২১ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, উড়োজাহাজভাড়া, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ‘সিকিউরিটি ডিপোজিট’, বিমা, মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, করোনার সংক্রমণ পরীক্ষাসহ ১৫টি খাতের ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।




