বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে জাইকা

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) নিজেদের কর্মকর্তা-কর্মচারি এবং সংশ্লিষ্টদের নিরাপত্তাকে সর্বোচ্চ গূরুত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের প্রতিশ্রুতির ব্যাপারে আবারও আশ্বস্ত করেছে।
জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতোকা বুধবার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করে জাইকা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গূরুত্ব দিবে। এছাড়াও বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
জাইকার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে, ঢাকার গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হওয়ায় এবং একজন আহত হওয়ার ঘটনায় তিনি শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, এই আটজনের প্রত্যেকেই নগর পরিবহনের উন্নয়নের লক্ষ্যে একটি অবকাঠামো প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন।
জাইকা প্রেসিডেন্ট বলেন, ‘এই মানুষগুলো যারা বাংলাদেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন, দু:খজনকভাবে তারা এই ঘটনার শিকার হয়েছেন। যেসব অপরাধী এ ধরনের সন্ত্রাসী কাণ্ড ঘটিয়েছে তাদের প্রতি ঘৃণা প্রকাশের কোনো ভাষা আমাদের জানা নাই।’
কিতোকা বলেন, জাইকার পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য সম্ভাব্য সবধরনের সহায়তা করা হবে।
তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছেন, তারা শুধুমাত্র জাইকার সাথে বাংলাদেশে সমীক্ষা কাজেই অংশগ্রহণ করেননি, বরং তারা উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন এবং আমরা তা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদি।
তিনি বলেন, জাইকা তার কর্মিদের রমজান মাসে এবং এর পরবর্তি সময়ে অধিকতর সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছিল। সূত্র: বাসস



