বাংলাদেশে বন্ধ হলো জি নেটওয়ার্কের সব চ্যানেল

ইতোমধ্যে জি নেটওয়ার্কের সবক’টি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশি যেসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারিত হয় সেগুলোও বন্ধের প্রক্রিয়া চলছে। সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এম এম আনোয়ার পারভেজ।
আনোয়ার পারভেজ বলেন, ‘সোমবার থেকে জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। আরও যেসব বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারিত হয় সেসব চ্যানেলও কাল থেকে বন্ধ হয়ে যাবে।’
তবে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে এসব চ্যানেল বন্ধ হবে কিনা সে বিষয়ে তিনি বলেন, ‘কোন বাঁধা-ধরা সময় নেই। একবারে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। আর কখনো বাংলাদেশের মানুষ ভারতীয় চ্যানেল দেখতে পারবে না। এখন শুধু বাংলাদেশি চ্যানেল দেখতে পারবে দেশের মানুষ।’
বাংলাদেশি নির্মাতা, শিল্পী, বিজ্ঞাপন নির্মাতারা বেশ কিছুদিন ধরে ওই চ্যানেলগুলো বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। এ সিদ্ধান্তে তাদের দাবি পূরণ হলো।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দেয়।




