জাতীয়শিরোনাম

বাঁচতে হলে সংগ্রাম চালিয়ে যেতে হবে-সন্তু লারমা

সরকার ভিন্ন জাতিসত্তার মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার তত্পরতা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, এসব জাতির মানুষ যদি সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। বাংলাদেশ আদিবাসী ফোরাম এ সমাবেশের আয়োজন করে ।
দাবি পূরণে আলোচনা ও স্লোগান এবং পাহাড় ও সমতলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। সমাবেশে রাজধানীস্থ বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
বুধবার সকালে সমাবেশের উদ্বোধন করেন লেখক-অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, দেশে ভিন্ন জাতিসত্তার মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। তারা ভালো না থাকলে দেশও ভালো চলবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের! বৈচিত্র্যপূর্ণ জীবন যাদের, সেই আদিবাসীদের সংখ্যা দিন দিন কমে আসছে। আদিবাসীরা তাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি সঠিকভাবে পালন ও পরিচর্যা করতে পারছে না। আমরা সংখ্যাগুরুরা দায়িত্ব পালন করতে পারছি না।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত পাহাড় ও সমতলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার অধিকারহরণ, নির্যাতন ও লাঞ্ছনার দায়ে অভিযুক্তদের আগামীতে ভোট না দিতে অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নানা জাতিসত্তার মানুষদের নিয়েই বাংলাদেশ। বিদেশি অতিথিদের সামনে এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা সংবিধানে তাদের স্বীকৃতি মিলছে না।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সংসদ সদস্য ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, সৈয়দ আবুল মকসুদ, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, খুশী কবির, চাকমা রাজা দেবাশীষ রায় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button