বলিউড পরিচালকের ধর্ষণের শিকার মার্কিন তরুণী

এক মার্কিন মহিলাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এক বলিউড পরিচালক।
নিম্ন আদালতের অ্যাডিশনাল সেশন জাজ সঞ্জীব জৈন জানান, ওই পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তার নাম মোহাম্মদ ফারুকি। তিনি বিখ্যাত হিন্দি ছবি ‘পিপলি লাইভ’-র কো-প্রোডিউসার হিসেবেই বলিউডে সবচেয়ে পরিচিত।
জামিনে মুক্ত থাকলেও নিম্ন আদালতের রায় ঘোষণার পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ২ আগস্ট এ বিষয়ে ফারুকির প্রতিক্রিয়া শুনবে কোর্ট। গত ২৮ মার্চ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এক মার্কিন নাগরিককে দক্ষিণ দিল্লির সুখদেব বিহারে নিজের বাড়িতে ধর্ষণ করেন। ২৯ জুন এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ। দিল্লি পুলিশের চার্জশিটেও ফারুকিকে অভিযুক্ত করা হয়। নিজের বিরুদ্ধে তথ্য-প্রমাণে নষ্টের চেষ্টা তিনি করেছেন বলেও অভিযোগ।
৩৫ বছরের মার্কিন মহিলা জানিয়েছেন, ধর্ষণের পর একাধিকবার ইমেলে ক্ষমা চেয়েছেন ওই পরিচালক। তবে এই সবই অস্বীকার করেছেন এই বলিউড পরিচালক। তিনি চক্রান্তের শিকার বলে দাবি করেছেন।
সূত্র : প্রিয়.কম




