বিনোদন

বলিউডে পা রাখলেন মম, শুটিং শুরু হলো ভুটানে

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করে সফলও হয়েছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউড দুনিয়ায়।
জানা গেছে, ছবির নাম ‘ম্যাক্স কি গান’। কোটিপতি ম্যাক্স মনে করেন অর্থের জোর থাকলে জয় করা যায় সব কিছু। এমনকি তার মৃত ভাইকেও নাকি ফিরিয়ে আনা সম্ভব। সেখান থেকেই একের পর এক নারকীয় হত্যালীলায় মেতে ওঠে ম্যাক্স। এই নিয়েই এগোবে ছবিটি। সাসপেন্সে মোড়া এই ছবিটি পরিচালনা করছেন সমীর খান। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ।
সাইফ জানিয়েছেন, ‘ম্যাক্স কি গান’-এর গল্প ১৬ বছর ধরে মাথায় নিয়ে ঘুরছি। অবশেষে এটা শুটিং ফ্লোরে। ছবির শুটিং শুরু হয়েছে ভুটানে। এই ছবিতেই সিবিআই অফিসার হিসেবে অভিনয় করছেন মম। ছবিতে তার নাম জাকিয়া খান। এ ছাড়াও রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ অমিতা নাঙ্গিয়া এবং নিশান্ত পাণ্ডে।

এদিকে জীবনের প্রথম বলিউডে অভিনয়ের খবর ফেসবুকে জানিয়েছেন জাকিয়া বারী মম। তিনি ‘ম্যাক্স কি গান’ ও তার নিজের একটি ছবি দিয়ে লিখেছেন: আমার প্রথম হিন্দি ভাষার ছবি, শুটিং শুরু হলো ভুটানে।
‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখা জাকিয়া বারী মম এ পর্যন্ত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে আছে ছুঁয়ে দিলে মন ও আলতা বানু উল্লেখযোগ্য। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ব্যবসায়িক ভাবেও সফলতা অর্জন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button