খেলাশিরোনাম

বলিউডে অভিষেক হচ্ছে আন্দ্রে রাসেলের!

চলতি আইপিএল মৌসুমে চার-ছক্কা হাঁকিয়ে ক্রীড়াপ্রেমীদের উল্লাসে মাতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটার আন্দ্রে রাসেল। যদিও তাঁর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত রাতে হেরে ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। তবে রাসেল-ভক্তদের জন্য সুখবর, শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে এই অলরাউন্ডারের!
কী, চমকে উঠলেন? ভক্তদের এই সুখবর জানিয়েছেন পাওয়ার-হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল নিজেই। বলেছেন, একক গান দিয়ে শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে তাঁর। তরুণ সংগীত সুরকার পলাশ মুছালের সুরে একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন রাসেল। এরই মধ্যে রেকর্ডও সম্পন্ন করেছেন।
ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভক্তদের এ খবর জানিয়েছেন আন্দ্রে রাসেল। লিখেছেন, পলাশ মুছালের একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রেকর্ডও হয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, শিগগিরই মুক্তি পাবে গানটি। আর এ জন্য তর সইছে না তাঁর।

ইনস্টাগ্রামে আন্দ্রে রাসেলের পোস্ট

ইনস্টাগ্রামে আন্দ্রে রাসেলের পোস্টটিতে এ পর্যন্ত লাইক পড়েছে এক লাখ ৪০ হাজারের বেশি। ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
পলাশ জানিয়েছেন, গতকাল রোববার আন্দ্রে রাসেলের গানটির রেকর্ড করা হয়। তিনি আরো বলেছেন, জ্যামাইকার ব্যাটসম্যান ভালোই গাইতে পারেন, এমনকি হিন্দি গানও।
রোববার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৯ উইকেটে হেরে আইপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচগুলোতে ঝোড়ো তাণ্ডব চালালেও শেষ ম্যাচটিতে রান পাননি আন্দ্রে রাসেল। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button