বরগুনায় অবৈধ জালে নিধন হচ্ছে দেশিয় মাছ
সংবাদদাতা, বরগুনা : ‘মাছে ভাতে বাঙালি’ এই শ্লোগানটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বরগুনার তালতলীতে বিভিন্ন জায়গায় খাল ও জলাশয় রয়েছে। টানা বর্ষণে খাল ও জলাশয় টইটুম্বুর হয়ে থাকে। এসব জলাশয় থেকে অবৈধ জাল দিয়ে নিধন হচ্ছে দেশিয় প্রজাতির মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া ,বেহালা, আলিরবন্দর গ্রামের খালগুলোতে অবৈধ জাল দিয়ে সম্পূর্ণ খাল দখল করে অবৈধ ভাবে ধরা হচ্ছে দেশিয় প্রজাতির ছোটবড় সকল ধরনের মাছ। জালের সঙ্গে উঠে আসে বিভিন্ন প্রজাতির দেশিয় সুস্বাদু মাছ এরমধ্যে কৈ, শাটি, শোল, বোয়াল মাছের পোনা, পুটি, টেংরা, রুই, কাতল, সিলভার, বিগহেড, বাটা মাছ অন্যতম।
খাল ও জলাশয়ের পাশে ঘর বানিয়ে রাত-দিন এক করে জেলেরা এসব মাছ নিধন করছেন। আবার এসব মাছ ধরতে কেউ কেউ নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করছেন অবাধে। অথচ সংশ্লিষ্টরা তাদের নাগাল পাচ্ছে না।
স্থানীয়রা অভিযোগ করে বাংলা’র প্রতিবেদককে বলেন, ‘এই অবৈধ জাল দিয়ে চিংড়ি, গুলিশা, শৌল, কৈ টাকি, কোরাল, বোয়াল, সিং, মাগুরসহ অনেক ধরনের দেশিয় মাছ তারা নিধন করছে যার কারণে এই মাছগুলো আর পাওয়া যাচ্ছে না।’
এখনই এই অবৈধ জালগুলো বন্ধ না করলে অন্য মাছও কালের গহ্বরে হারিয়ে যাবে। স্থানীয় মাদ্রাসা শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এই জাল দিয়ে শুধু মাছই নিধন হচ্ছে তা নয় আমাদের জমি চাষাবাদের জন্য পানি উঠানামাতে বাধার সৃষ্টি হচ্ছে, এ কারণে কৃষকরা সঠিকসময় জমি চাষ করতে পারছে না এই অবৈধ জালগুলো অতি তারাতারি বন্ধ করা হোক।’
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম রেজা বাংলা’কে বলেন, ‘আমরা একাধিকবার অভিযান চালিয়েছি। এজন্য দরকার আরো জোরালো পদক্ষেপ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠিন নির্দেশনা। তাহলে এই অবৈধ জাল বন্ধ করা সম্ভব হবে।’



