বন্ধ কারখানা খোলার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত আশুলিয়ার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের আউকপাড়া এলাকায় ডাইনাস্টি সোয়েটার বিডি লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় দীর্ঘদিন ধরে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। গত সোমবার (১০ অক্টোবর) হঠাৎ শ্রমিকরা জানতে পারে কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার আরেকবার বলেন কারখানার অর্ধেক বিক্রি করা হয়েছে। এসব কথা শুনে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (১২ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সমাধান দেবেন বলে জানান। কিন্তু আজ কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
শিল্পপুলিশ-১ এর উপ-পরিদর্শক মো. রাশেদ বলেন, শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের ভাষ্য তারা কারখানা বিক্রি করেননি। কারখানা চালাতে না পেরে অংশীদার নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না।




