sliderস্থানিয়

বদরগঞ্জে সুরক্ষিত বাংলাদেশের উদ্যোগে মেধার মশাল কুইজ প্রতিযোগিতা ‎

রতন রায়হান, রংপুর: মাদক,বাল্যবিবাহ ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় সুরক্ষিত বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মেধার মশাল কুইজ প্রতিযোগিতা এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বদরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন সুরক্ষিত বাংলাদেশ। সংগঠনটি মাদকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমতিক্রমে বদরগঞ্জ উপজেলার ৮টি কলেজে মেধার মশাল কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিটি কলেজ থেকে ১০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। গত ১৮ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পর্ব শেষে প্রথম বিজয়ীসহ সেরা ১০ জন শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্রসহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক পুরস্কার প্রদান করা হয়,যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

‎চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা। তিনি বলেন, মেধা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষিত বাংলাদেশ-এর উপদেষ্টা রাকিবুল ইসলাম শিশির। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজার রহমান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন নুর আহম্মেদ, আহ্বায়ক, সুরক্ষিত বাংলাদেশ। তিনি একই সঙ্গে মেধার মশাল কুইজ প্রতিযোগিতা এর প্রধান আয়োজক ও সুরক্ষিত বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

সুরক্ষিত বাংলাদেশ-এর উপদেষ্টা রাকিবুল ইসলাম শিশির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। যদি তারা ছোটবেলা থেকেই মাদক, বাল্যবিবাহ ও পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়, তবে একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সুরক্ষিত বাংলাদেশ শিক্ষার্থীদের নিয়ে যে সাহসী ও ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

‎এ বিষয়ে সুরক্ষিত বাংলাদেশের আহবায়ক নুর আহম্মেদ বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা তৈরি করা। মাদক, বাল্যবিবাহ ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ে তুলতেই সুরক্ষিত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। বদরগঞ্জ থেকে শুরু করে সারাদেশকে একটি সুরক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সুরক্ষিত বাংলাদেশ-এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে উপজেলাজুড়ে ও জেলার বাইরেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সুরক্ষিত বাংলাদেশ ভবিষ্যতেও শিক্ষার্থী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button