sliderস্থানিয়

বদরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইনকিলাব পরিষদের ব্যাপক গণসংযোগ

রতন রায়হান, রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়াকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার লক্ষ্যে বদরগঞ্জে মাঠে নেমেছে ইনকিলাব পরিষদ।

সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করে ভোটারদের সচেতন করার কার্যক্রম চালাচ্ছেন। ইনকিলাব পরিষদের আহ্বায়ক ইমরানের নেতৃত্বে এবং সদস্য সচিব সিরাজ মন্ডলের সমন্বয়ে পরিচালিত এ প্রচারণায় অংশ নেন সংগঠনের সদস্য ইমরান, শাহাজান, বরাত, আব্দুর রহমান, শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণার অংশ হিসেবে লালদিঘী পীরপাল কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণমুখী পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

‎আলোচনা সভায় ইনকিলাব পরিষদের আহ্বায়ক ইমরান বলেন, গণভোট শুধুমাত্র একটি ভোট নয়, এটি জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনার প্রশ্ন। দেশের স্থিতিশীলতা, ন্যায়ভিত্তিক শাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তরুণ সমাজ এগিয়ে এলে ইতিবাচক পরিবর্তন দ্রুত সম্ভব। সদস্য সচিব সিরাজ মন্ডল বলেন, আমরা কোনো বিভাজন নয়, ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। গণভোটে ‘হ্যাঁ’ মানে দেশের অগ্রগতি ও কল্যাণের পথে এগিয়ে যাওয়া। তাই সকল ভোটারকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাই। সংগঠনটি জানায়, নির্বাচন ও গণভোট পর্যন্ত তাদের এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কাজ করে যাবে।
ইনকিলাব পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং দেশ একটি কল্যাণমুখী পরিবর্তনের পথে এগিয়ে যাবে। এ সময় উপস্থিত অন্যান্য নেতারা বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। তাই প্রতিটি ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button