বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্টি হতে যাচ্ছে নিম্নচাপ।
শনিবার সকালে হঠাৎ করে লঘুচাপটির সৃষ্টি হয়। এটা দ্রুতই শক্তি বৃদ্ধি করছে।
আবহাওয়া অফিস আজ বিকেলে জানিয়েছে, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এরপর এটা হয়তো আজ রোববারের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মওসুমী এ নিম্নচাপ থেকে ঝড় হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে দেশের সর্বত্র মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ইতোমধ্যে মওসুমী বায়ু দেশের সর্বত্র ছড়িয়ে পড়ায় নিম্নচাপের প্রভাবে আগামীকাল অথবা সোমবার বৃষ্টির পরিমাণ কিছু বেশি থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্র উপকূল ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদুরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এটা আরো শক্তিশালী হয়ে মওসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য হতে পারে।
এর প্রভাবে দেশের বন্দর সমুহে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে আগামীকালও মৃদু তাপ প্রবাহ থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, ফেনী, সিলেট, রাজশাহী, পাবনা, সৈয়দপুর, কুষ্টিয়া ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এবং তাপ প্রবাহ এসব অঞ্চলে দিনের যে কোনো সময় হ্রাস পেতে পারে।
কাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।




