বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকরের দাবিতে বেরোবি ছাত্রলীগের মানববন্ধন

আদিব হোসাইন,বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে রবিবার সন্ধ্যা ৬:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন পার্কের মোড়ে মানববন্ধন পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। সারা দেশব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের এ আয়োজন আলোড়ন সৃষ্টি করবে, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিশ্বের যে দেশেই থাকুক না কেন, তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করে দেশকে কালিমামুক্ত করার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উপাচার্য আরও বলেন, প্রয়োজনে ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করবেন।
মানববন্ধনে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকরের দাবি জানান। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।




