ফ্লোরিডায় ইরমার আঘাত : তিনজনের মৃত্যু

ঘূর্ণিঝড়ের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর বলে বিবেচিত ঘূর্ণিঝড় ইরমা ফ্লোরিডায় আঘাত হেনেছে। ফ্লোরিডার উপকূলমুখী ও দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ স্থানে এর প্রভাবে দমকা হাওয়া বইতে শুরু করেছে। ইরমা ক্যাটাগরি ৪ থেকে ৩ এ নেমে আসে। তবে ফ্লোরিডা প্রণালীর উষ্ণ পানির উপর দিয়ে আসার সময় ঘূর্ণিঝড় ইরমা আরো শক্তিশালী হয় এবং ক্যাটাগরি ৪ এ উত্তীর্ণ হয়েছে। ১৩ লাখের বেশি মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়েছে। অনেক স্থানে ভূমিধসের আশংকা করা হচ্ছে। তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফ্লোরিডার উপকূলের বিভিন্ন স্থানে প্রবল বাতাসে ১৫ ফুট পর্যন্ত পানি উঠে আসে। এর ফলে উপকূলীয় এলাকায় বন্যার সৃষ্টি হতে পারে। ফ্লোরিডা কিজ দ্বীপে ভূমিধস হয়েছে। ফ্লোরিডার সবচেয়ে বড় বিদ্যুৎ কোম্পানির মতে রাজ্যটির প্রায় ১৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুত্হীন অবস্থায় আছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সকাল ৯টায় ফ্লোরিডা কিজ দ্বীপে আঘাতে হানে ইরমা। এরপর তা ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটার্সবুগের দিকে এগিয়ে যায়। পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছে, ইরমার আঘাতে ফ্লোরিডার বিশাল এলাকাজুড়ে টর্নেডো বয়ে যেতে পারে।

ধারণা করা হচ্ছে, বর্তমানে ৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার বেগে বাতাস ও বন্যার কারণে ফ্লোরিডা রাজ্যের কিছু এলাকা বিধ্বস্ত হবে। এক শতাব্দীতে এত মারাত্মক ঝড় আর সেখানে হয়নি। যে পথ দিয়ে ঘূর্ণিঝড় ইরমা অগ্রসর হচ্ছিল সেটি আরো পশ্চিম দিকে সরে গেছে। এখন ফ্লোরিডা রাজ্যের পশ্চিম তীর বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে বলা হচ্ছে। ৭৫ হাজারের বেশি মানুষ রাজ্যের প্রায় ৪শ’ জরুরি নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন, সময় ফুরিয়ে আসছে, আপনারা নিরাপদ স্থানে চলে যান। দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান বলেছেন, ভাগ্য এখন আপনাদের হাতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা একটি পিকআপ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছেন। গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এছাড়া বাকি দুইজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে। সিএনএন, বিবিসি ও রয়টার্স।




