উপমহাদেশশিরোনাম

ফের বন্দি কাশ্মীরের মেহবুবা মুফতি

গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় গৃহবন্দি হওয়ার ১৪ মাস পর গত ১৩ অক্টোবর মুক্তি পেলেও জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মেয়েসহ আবারো গৃহবন্দি করা হয়েছে।
ভারতশাসিত কাশ্মীর উপত্যকার প্রথম নারী মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি শুক্রবার নিজে টুইট করে মেয়েসহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে গৃহবন্দি হওয়ার খবর জানিয়েছেন।
শুক্রবার সকালে টুইট বার্তায় মেহবুবা লেখেন, ‘ফের বেআইনি ভাবে আটক করা হয়েছে আমায়। গত দু’দিন ধরে পুলওয়ামায় ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না জম্মু ও কাশ্মীর প্রশাসন। বিজেপির মন্ত্রী এবং তাঁদের অনুচরদের কাশ্মীরে অবাধ বিচরণের অনুমতি রয়েছে। শুধু আমার বেলাতেই নিরাপত্তার দোহাই’।
তিনি আরো লেখেন, ‘এদের নিষ্ঠুরতার কোনও সীমা নেই। ভিত্তিহীন অভিযোগ এনে ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে। ওঁর পরিবারকে সমবেদনা জানানোর অধিকারটুকুও নেই আমার। এমনকি আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দি করা হয়েছে। ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিল বলে আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দি করা হয়েছে’।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে গত বছর কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়ে উপত্যকাকে ভেঙে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করে বিজেপির কেন্দ্রীয় সরকার।
এর পর ব্যাপক ধরপাকড়ে পিডিপির মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোনসহ অনেক রাজনীতিবিদ আটক হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button