
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামী উগ্রবাদীদের সাথে সৈন্যদের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সৈন্য এবং এক উগ্রবাদী রয়েছে। গত ডিসেম্বরে ক্যাথলিক জনগোষ্ঠী লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত উগ্রবাদীদের গ্রেফতারে অভিযান চালানোর সময় তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সোমবার সেনা মুখপাত্র এ কথা জানিয়েছে।
ফিলিপাইন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই মেদা-আলা বলেন, ‘মিন্দানাও দ্বীপের মুনাই শহরের পাশের একটি জঙ্গলে রোববার এ সংঘর্ষ হয়।’
তিনি বলেন, ‘এটি হচ্ছে দাওলাহ ইসলামিয়ার উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযানের অংশ। এ অভিযানে দুর্ভাগ্যবশত আমরা হতাহতের শিকার হয়েছি।’
তিনি আরো বলেন, ‘এ সময় নিহতের পাশাপাশি ফিলিপাইনের চার সৈন্য আহত হয়েছে।’
দাওলাহ গ্রুপ হলো ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা কয়েকটি ছোট সশস্ত্র মুসলিম দলগুলোর অন্যতম। এ গ্রুপ ২০২৩ সালের ৩ ডিসেম্বর মারাউইতে ক্যাথলিক জনগোষ্ঠীর ওপর চালানো হামলার দায় স্বীকার করে। ওই হামলায় কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।
সামরিদক বাহিনী বলেছে, গত মাসে চালানো এক সেনা অভিযানে ১০ জন দাওলাহ সদস্য নিহত হয়। তাদের মধ্যে উগ্রবাদীদের কথিত নেতা খাদাফি মিমবেসাও রয়েছে।
সূত্র : বাসস




