
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলমের সাথে বিএনপি ও যুবলীগ নেতার গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও আওয়ামী লীগের সাবেক প্রয়াত সংসদ সদস্য মনজুর হোসেনের ব্যক্তিগত সহকারী এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল্লাহ। থানায় ওসির রুমে এ বৈঠক করেন তারা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়া এই ছবি গত দু’দিন ধরে ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরণের মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, যেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার পর ওসির সঙ্গে যুবলীগ নেতার গোপন বৈঠক আমাদের জন্য হতাশার এবং লজ্জাকর।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, আমি থানায় কোন যুবলীগ নেতাকে সাথে নিয়ে যাইনি। আমি একাই থানায় গিয়েছিলাম। পরে ওই যুবলীগ নেতা থানায় কি জন্য এসেছে তা আমার জানা নেই।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল্লাহ বলেন, দিনের বেলায় আবার কিসের গোপন বৈঠক। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সঠিক নয়। প্রতিপক্ষরা প্রতিহিংসার কারনে আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, থানায় যে কেউ সেবা নিতে আসতে পারেন। এখানে বৈঠকের কিছু নেই। তাছাড়া তিনি যে যুবলীগ নেতা তা আমার জানা ছিলো না।




