ফরিদপুরে পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪৮ জন করোনায় আক্রান্ত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪৮ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭১ জন। মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো: ছিদ্দীকুর রহমান বলেন, নতুন করে যে ৪৮ জনের করোনাভাইরাস তাদের মধ্যে ফরিদপুর সদরে ১০, বোয়ালমারীতে নয়জন, চরভদ্রাসন পাচ, নগরকান্দা তিন, ভাঙ্গায় সাত, আলফাডাঙ্গায় তিন, সালথায় তিন এবং সদরপুরের আটজন।
তিনি বলেন, ফরিদপুর সিআইডি পুলিশের এক এসআই ও বোয়ালমারী সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে রোববার ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৯ জনের। এর মধ্যে ফরিদপুরে ৪৮ জন, গোপালগঞ্জের আছেন ১২ জন ও রাজবাড়ীর দুইজন এবং মাদারিপুরে দুইজন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত আটজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।




