শিরোনাম

ফরিদপুরে আ.লীগ নেতা বরকত ও তার ভাই রুবেলসহ গ্রেফতার ৯

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত (৪৭) ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ (৪৪) নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ হতে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরপুর মোড় হতে বরকত, রুবেল ও বিপুলকে গ্রেফতার করা হয়।
তাদের সাথে গ্রেফতারকৃত অন্যরা হলেন, সহযোগী রেজাউল করিম বিপুল, আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মণ্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান।
পুলিশের জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল ও ৯১ রাউণ্ড গুলি, দুইটি শর্টগান ও ১৮০টি কার্তুজ, ব্রান্ডের ছয় বোতল বিদেশী মদ, ৬৫ পিস ইয়াবা, খাদ্য অধিদফতরের ১২ শ’ বস্তায় ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশী ৩০ লাখ টাকা।
আটক বরকত ও রুবেল সম্পর্কে আপন দুই ভাই। তাদের গ্রেফতারের খবরে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা নামক পত্রিকার সম্পাদক। বরকত ওই পত্রিকার প্রকাশক।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, বরকত, রুবেলের কোমর হতে গুলিভর্তি ম্যাগজিনসহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল জব্দ করা হয়। এছাড়া বরকতের রেস্ট হাউস হতে বিদেশী মদ ও খাদ্য অধিদফতরের ১২ শ’ বস্তাভর্তি চাল এবং রুবেলের ড্রয়ার হতে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অন্যান্যদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি চাল গুদামজাত করার অপরাধে নিয়মিত মামলা হবে। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে।
এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতারের খবরে তাদের বিচার ও শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুরে প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button