
প্লাস্টিক মানেই পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু পানি বহনের জন্য এর চেয়ে ভালো পাত্র আর হয় না। কিন্তু প্লাস্টিকের পানির বোতলের বিকল্প তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করল একটি শহর। শহরটি প্লাস্টিকের বদলে বাঁশের তৈরি পানির বোতল ব্যবহার করছে। আর এই দৃষ্টান্তটি স্থাপন করেছে পাশের দেশ ভারতের সিকিম শহর।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার জানায়, সিকিমের একটি ছোট সুন্দর শহর পথ দেখাচ্ছে গোটা বিশ্বকে। এই শহরের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, পর্যটকেরা যেন এখানে কোনো জলের প্লাস্টিক বোতল না আনেন। তাহলে জল খাবেন কী ভাবে? তার এক পরিবেশবান্ধব উপায় বার করেছে তারা।
সিকিমের লাচেন শহরে ঢোকার আগে পর্যটকদের কাছে কোনো প্লাস্টিকের বোতল আছে কিনা দেখা হচ্ছে। যদি থাকে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তার বদলে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাঁশের তৈরি জলের বোতল।
আসাম থেকে এক হাজার বাঁশের তৈরি বোতল আনিয়েছে লাচেন প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসেন লাচেন। সেই সঙ্গে ঢুকত প্লাস্টিকের বোতল। যা অন্য জায়গার মতো লাচেন প্রশাসনেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু লাচেন যে পদক্ষেপ গ্রহণ করেছে তা পথপ্রদর্শক হতে পারে।
প্লাস্টিকের বিরুদ্ধে আজ নয় অনেক আগে থেকেই পদক্ষেপ করছে সিকিম। তবে কয়েক বছর ধরেই বাঁশের বোতলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন স্তরে। তবে এর উৎপাদন খরচ সে পথে কিছুটা অন্তরায়। কারণ প্লাস্টিকের তুলনায় বাঁশের বোতল তৈরি করতে খরচ অনেকটাই বেশি। সেই খরচ কমানোর চেষ্টাও হচ্ছে।




