slider

প্রয়াত সাংবাদিক আবদুস সালামের সম্পত্তি জবর-দখলের অভিযোগ

ফেনী প্রতিনিধি : প্রথিতযশা সাংবাদিক আবদুস সালামের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সম্পত্তি স্থানীয় ব্যক্তিরা দখল করে নিচ্ছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে প্রয়াত ওই সাংবাদিকের সাত সন্তানের পক্ষে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছোট মেয়ে রেহানা সালাম। জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনাও করেছেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও অবজারভার পত্রিকার সম্পাদক ছিলেন আবদুস সালাম। ২০০৯ সালে মারা যান তিনি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পারিবারিক সূত্রে বিপুল সম্পদের অধিকারী ছিলেন আবদুস সালাম।
রেহানা সালাম বলেন, তাদের দাদা বিশিষ্ট আইনজীবী ও তালুকদার হাজি দলিলুর রহমান দুলা মিয়া বিপুল সম্পদের অধিকারী ছিলেন। তার মৃত্যুর পর দুই ছেলে আবদুস সালাম ও আবদুল ওয়াদুদ এ সম্পত্তির মালিক হন। কিন্তু আবদুস সালামের মৃত্যুর পর থেকে এ সম্পত্তি দখলের এক নোংরা প্রতিযোগিতা শুরু হয়। স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের ঢাকা বসবাসের সুযোগে মাছ চাষ, জমি লাগিত, বন্ধকের অজুহাতে জবরদখল করছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আবদুস সালামদের পৈতৃক মইচ্যাতলি বাজারটিতে প্রায় ১৯৬ শতাংশ জমি সম্পূর্ণভাবে দখল ও বিক্রি করে দিয়েছে তাঁর দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলে। ১ শতাংশ জায়গাও আবদুস সালামের পরিবার পায়নি। এ বিষয়ে ২০০৭ সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে একটি সালিসি বৈঠক হয়। তখন সেখানে প্রয়োজনীয় দলিলপত্র দেখে প্রয়াত ওই সাংবাদিকের সন্তানদের রেকর্ডকৃত মালিক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে তা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে বাড়ি, পুকুর, চাষের জমি কোনো এক অদৃশ্য ও প্রভাবশালী ব্যক্তির গোপন নির্দেশে স্থানীয় একটি চক্র দখল করে নিয়েছে।
তিনি আরও বলেন, ‘আবদুস সালামের এসব সম্পত্তি শুধু তাঁর ওয়ারিশ ছয় মেয়ে, একজন ছেলে। সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে আমরা আইনের পক্ষেই যেতে চাই। কিন্তু টাকা কিংবা ক্ষমতার জোরে যাতে কেউ বেআইনিভাবে আমাদের আইনি উদ্যোগকে বাধাগ্রস্ত না করে, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন, থানা ও সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button