
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন কুইন্স এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সঙ্গে ঘটেছে পিলে চমকে ওঠার মতো এক অমানবিক ঘটনার। ওই দুর্ঘটনার পর জ্বলন্ত গাড়িটিতে নিজের প্রেমিকাকে রেখেই কেটে পড়েছে সৈয়দ আহমদ নামের এক যুবক। আর ততোক্ষণে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে প্রেমিকা হার্লিন।

জানা গেছে, প্রেমিকা হার্লিন গ্রেয়ালকে নিয়ে ইনফিনিটি জি-৩৫ গাড়িতে করে বেরিয়েছিলেন সৈয়দ আহমদ (২৩)। এক্সপ্রেসওয়ে ধরে হু হু বেগে ছুটছিল গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন আহমদ। আর তার পাশেই বসেছিলেন হার্লিন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, হঠাৎই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা এতো জোর ছিল যে, সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে পুরো গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। চালকের আসনে বসা আহমদ প্রেমিকা হার্লিনকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু হার্লিনের সেই সুযোগ হয়নি। গাড়িসমেত জীবন্ত দগ্ধ হন তিনি।

পুলিশ জানিয়েছে, বান্ধবীকে জ্বলন্ত গাড়িতে ফেলে রেখে অন্য একটা গাড়ি ধরে পালিয়ে যান আহমদ। সোজা হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান। তবে শেষ রক্ষা হয়নি তার। পুলিশ খোঁজ নিয়ে হাসপাতালে থেকে তাকে গ্রেফতার করেছে। নিউইয়র্ক ডেইলি নিউজ।




