বিনোদন

প্রিয়াঙ্কার পর বিয়ের অপেক্ষায় পরিণীতি চোপড়া!

মাত্র তিন দিন আগে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনীত ‘নমস্তে ইংল্যান্ড’, যদিও বক্স অফিসে শুরুটা তেমন ভালো হয়নি ছবিটির। আজ তাঁর বিশেষ দিন। আজ ৩০ বছরে পা দিয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন পরি। বলিউডের এই সুন্দরী জানিয়েছেন তাঁর চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ও বিয়ে নিয়ে। জানিয়েছেন তাঁর বিয়ের খবরও!
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত আগস্টে এই যুগলের বাগদান হয়।
নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার গাঁটছড়া বাঁধার সিদ্ধান্তের খবর নিশ্চয়ই আগেভাগে জানতেন চাচাতো বোন পরিণীতি চোপড়া। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে পরি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই; তাঁর (প্রিয়াঙ্কা) মা ও ভাই জানার পরই এই বড় খবরটি আমার কাছে এসেছে। মনে আছে, রাত ৩টা হবে, এমন সময় আমি কল পাই। খুবই বিস্মিত হয়েছিলাম, কী হতে যাচ্ছে! যখন সে আমাকে খবরটা জানাল, আমি উত্তেজনা ধরে রাখতে পারিনি।’
‘আমি জানতাম অবশ্য, কিছু একটা হতে চলেছে। যখন নিক মুম্বাই ও গোয়ায় গিয়েছিল, তাঁদের ভেতর স্ফুলিঙ্গ দেখেছিলাম। কিন্তু যখন প্রিয়াঙ্কা প্রস্তাবটি জানাল, খুব খুশি হয়েছিলাম,’ বলেন পরিণীতি।

প্রিয়াঙ্কা চোপড়াকে ‘মিমি দিদি’ বলে ডাকেন পরিণীতি।
বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া আরো বলেন, ‘দুজনকে (প্রিয়াঙ্কা-নিক) বেশ মানিয়েছে, তাঁরা একে-অপরের প্রশংসা করে। মিমি দিদির জন্য আমি সত্যিই খুশি। সে সব সময় প্রেরণার নাম। সে তাঁর জীবনে অনেক কাজ করেছে এবং অবশেষে তাঁর ব্যক্তিগত জীবন সুন্দর হতে দেখে খুব ভালো লাগছে। সব সুখ তাঁর প্রাপ্য। একদিন নিককে বলেছিলাম, এটা যে হচ্ছে, তা বিশ্বাস হচ্ছে না। প্রিয়াঙ্কার সর্বোচ্চ মঙ্গল কামনা করি এবং তাঁর আসন্ন বিয়ে নিয়ে আমি খুব উত্তেজিত, তা যখনই হোক।’
চারপাশে শুধুই বিয়ের খবর, পরিণীতির কী পরিকল্পনা? বলতেই চোখেমুখে ঝিলিক দেখা যায় পরির! বলেন, ‘বিয়ের জন্য আমার তর সইছে না। মনে হয়, আগামী দু-তিন বছরের মধ্যেই বিয়ে করে ফেলব।’
পরিণীতি চোপড়া এখন বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। ‘সন্দীপ অর পিংকি ফারার’, ‘কেশরি’, ‘জাবারিয়া জোড়ি’সহ বেশ কয়েকটি ছবি তাঁর হাতে। জন্মদিনে ভক্তদের কামনা, আরো আরো ভালো ছবি উপহার দেবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button