
পতাকা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন জন্য প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মত দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। শেষ হয়েছে ৩টা ৩৫ মিনিটে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান বলে জানিয়েছে প্রেস উইং।
দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
প্রথম সাক্ষাতে ড. ইউনূস-তারেক রহমানের কথোপকথন
লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হোটেল ডোরচেস্টারে বৈঠক শুরু হয়েছে। লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠকটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। সে সময় ওয়েলকাম বলে ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন। বিএনপি মিডিয়া সেল সেই মূহুর্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, হ্যান্ডশেক করার পর প্রধান উপদেষ্টা ও তারেক রহমান কুশলাদি বিনিময় করেন। তারেক বলেন, ‘ইটস অ্যা রিয়েল অনার ফর মি।’ প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। সে সময় ড. ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।
তারেক প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, জানতে চান শরীর কেমন আছে। উত্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ‘চলছে, টেনেটুনে।’
এ সময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।’
ভিডিও ক্লিপে এ সময় তাদের লন্ডনের আবহাওয়া নিয়েও কথা বলতে শোনা যায়। প্রধান উপদেষ্টা বলেন, ‘আবহাওয়াটা খুব ভালো, যে কদিন আমি এখানে আছি, আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। খুবই এনজয় করলাম। সামনে পার্ক।’
তারেক রহমান জানতে চান, প্রধান উপদেষ্টা পার্কে হাঁটতে গিয়েছিলেন কিনা। উত্তরে উপদেষ্টা জানান, এখানে পরিবেশ খুব ভালো, হাঁটার অনেক জায়গা।
কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। বৈঠক ঘিরে প্রধান উপদেষ্টার আবাসস্থল ডোরচেস্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে।




