প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ : সৌরভ

ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন দুই বাংলার নেত্রী। এমন এক আয়োজনে উপস্থিত থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা করে ধন্যবাদ জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকও তুলে দেন তিনি।
পরে সৌরভ বলেন, উপমহাদেশের এ ঐতিহাসিক ম্যাচ দুই বাংলার দুই শীর্ষ নেত্রীর হাত দিয়ে সূচনা হওয়াটা একটা মাইলস্টোন। এ মুহূর্তটা আমাদের সবার কাছে খুবই গর্বের। এ সময় ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকার এবং বাংলাদেশ তথা উপমহাদেশের কোকিলকন্ঠী শিল্পী রুনা লায়লা এবং বিসিবি সভাতি নাজমুল হাসান পাপনকেও শুভেচ্ছা জানান সৌরভ।
আর শেখ হাসিনা-মমতাকে মাঠে পেয়ে খুশি ছিলেন শচীনের মতো তারকাও।
শেখ হাসিনা বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি দেখতে একদিনের সফরে সকালে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছান।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে ইডেন গার্ডেনসের এই গোলাপি টেস্টের উদ্বোধন। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এসময় তাদের পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রধানমন্ত্রী তাতে সম্মতিও জানান।
২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে। দুই প্রতিবেশী দেশ প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলছে যেখানে এই প্রথম গোলাপি রঙের বল ব্যবহার হচ্ছে।




