প্রতিষ্ঠার ৩৫ বছরেও অবহেলিত দুধ ঘাটা নূরে মোহাম্মদী(সঃ)দাখিল মাদরাসা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস) নির্বাচনী এলাকার দুধ ঘাটা নুরে মোহাম্মদী(সঃ) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৫ বছরে অবহেলিত অবস্থায় পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সহায়তায় মাদরাসাটি পরিচালকের আত্মীয়ের ও নিজস্ব অর্থায়নে অসম্পূর্ণ একটি একাডেমিক ভবন ও একটি টিনের ঘরে পড়াশোনা করছে ছাত্র ছাত্রীরা। ১৯৮৮ সালের জানুয়ারির প্রথম দিনে মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন আলহাজ্ব মোঃ আবদুর রহমান, তিনি আজকে আর পৃথিবীতে বেঁচে নেই। ২০০২ সালের ১ মে এই মাদরাসা এমপিও ভুক্ত হয়েছে কিন্তু এর আগে বা পরে প্রতিষ্ঠার ৩৫ বছরেও সরকারি একাডেমিক ভবন বরাদ্দের তালিকায় থাকলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে বেশ কয়েকবার ভবন গুলো অন্য মাদরাসায় প্রভাব খাটিয়ে নিয়ে যায় বলে দাবি করেন মাদরাসা সুপার মোঃ ইব্রাহিম খলিল। ২০১৮ সালে জেডিসি পরীক্ষায় এই মাদরাসা উপজেলায় শীর্ষস্থান দখল করে। বর্তমানে এডহক কমিটির (সভাপতি) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ সানোয়ার হোসেন সরকার। ৩২৫ জন ছাত্র ছাত্রী ও ১৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে মাদরাসাটিতে। শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবক সহ এলাকাবাসীর দাবি এখানে একাডেমিক ভবন বরাদ্দের জন্য।




