প্রতিষ্ঠাতাই দুর্নীতির কারণে দেশছাড়া : কেমন হবে এবারের আইপিএল?

একটি টেস্ট ম্যাচে বল টেম্পারিং করে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষিদ্ধাদেশ বিশ্ব ক্রিকেটে ঝড় তোলার পর ‘যে কোন মূল্যে জয়’ এর চেয়ে ‘স্পিরিট অব ক্রিকেট’ প্রমাণের লক্ষ্য নিয়ে আগামীকাল শুরু হচ্ছে কোটি ডলারের আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
আকর্ষণীয় হলেও গত কয়েকটি বছর টুর্নামেন্টে বেশ কিছু কলঙ্কজনক ঘটনা ঘটেছে।
তার ওপর নতুন করে দেখা দিয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বল টেম্পারিং কেলেঙ্কারী। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তৎকালীন অধিনায়ক স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করায় ভারতীয় ক্রিকেট বোর্ডও এবারের আসরে এ দু’জনকে টুর্নামেন্টে অংশ নিতে দিচ্ছে না।
দুর্নীতির দায়ে দুই বছরের নিষিদ্ধাদেশ কাটিয়ে টুর্নামেন্টে ফিরছে স্মিথের রাজস্থান রয়্যালস। সুতরাং অধিনায়ক স্মিথকে না পাওয়াটাও দলের জন্য বড় এক ধাক্কা।
বেটিং কেলেঙ্কারীতে জড়িয়ে দুই বছরের নিষিদ্ধাদেশ কাটিয়ে টুর্নামেন্টে ফিরছে চেন্নাই সুপার কিংসও।
দুর্নীতি অভিযোগে ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। মামলা থাকায় দেশে ফিরতে অস্বীকার করেছেন তিনি।
তবে নতুন করে কোন প্রকার বিতর্ক এড়িয়ে চলতে দৃঢ় প্রত্যয়ী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অস্ট্রেলিয়া দলের প্রতারণার বিষয়টি বিবেচনায় রেখে বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলে অংশ গ্রহণকারী খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা সকলেই স্পিরিট অব গেম বজায়ে রেখে ও আচরণ বিধি মেনে চলবে বলে আশা করছে বিসিসিআই।’
কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের মাস্টারমাইন্ড অস্ট্রেলিয়ার ওয়ার্নারকেও বাদ দিয়েছে তার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ।




